বাগেরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে মাত্র ৩ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন। রোববার দুপুরে বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার বরাবরে আবেদনটি জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে জমা দিয়েছেন। বিএনপির এই পরাজিত প্রার্থী তার আবেদনে ভোট পুনর্গণনায় সরকারি নির্ধারিত ফি বা অন্য কোনো নিয়ম থাকলে তা মানতে তার কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেছেন।
বাগেরহাট-১ আসনে এবারের নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই স্বতন্ত্র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ১১ হাজার ৭৫০ ভোট পান। এরমধ্যে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি প্রকৌশলী শেখ মো. মাসুদ রানা পান ৬ হাজার ৪৬২ ভোট ও বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিম ৫ হাজার ২৮৩ ভোট। এরমধ্য দিয়ে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে মাত্র ৩ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত করে এই আসনে প্রথমবার এমপি নির্বাচিত হন জামায়াত প্রার্থী মো. মশিউর রহমান খান।