আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে ট্রাক্টরসহ সাড়ে ১৩ হাজার লিটার তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সোমবার ভোর রাতে আনুমানিক ৩টার দিকে উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে একটি ট্যাংক লরি থেকে ড্রামে করে পেট্রোল খালাস করে ট্রাক্টরের ট্রলিতে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তেলসহ সংশ্লিষ্টদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আটটি ব্যারেলে প্রায় ১৭০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্যাংক লরিতে আরও প্রায় ৭৪০০ লিটার তেল ছিল। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, সব মিলিয়ে আনুমানিক সাড়ে ১৩ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।
জানা গেছে, তেলবাহী গাড়িটি চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকা থেকে খাদিমপুরে আসে এবং সেখানে অবৈধভাবে তেল খালাস করা হচ্ছিল। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে ঘটনাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং বর্তমানে আটক দুইজনকে আলমডাঙ্গা থানায় হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।