আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে স্ট্রোকে বখতিয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য উপজেলা মাঠে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল। ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার ভেদামারি গ্রামে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় ভেদামারি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকালেই কার্ড সংগ্রহ করতে উপজেলা মাঠে যান বখতিয়ার। কিন্তু সেখানেই ঘটে যায় এই দুর্ঘটনা। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। তীব্র গরম ও ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।