নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ১ হাজার হজযাত্রী, ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাদের হজের সঠিক নিয়ম-কানুন, স্বাস্থ্য সচেতনতা এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে হজযাত্রীদের অবহিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করে । প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, “হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি একটি সার্বিক শৃঙ্খলার প্রতিফলন। হজ পালনের জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রস্তুতি । এই প্রশিক্ষণ সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশাসনের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় যেকোনো ধরনের সহায়তা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে তিনি হজযাত্রীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সৌদি আরবের আইন-কানুন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মোহাম্মদ মাসুম বিল্লাহ। এসময় বক্তব্য রাখেন আমিনিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আমিরুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে হজের বিভিন্ন ধাপ চিত্র ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়, যাতে অংশগ্রহণকারীরা সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। প্রশিক্ষকরা হাতে-কলমে হজের বিভিন্ন অনুশীলন দেখান এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। এছাড়া হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন ফ্লাইট সময়সূচি, মক্কা ও মদিনায় অবস্থান, পরিবহন ব্যবস্থা, গাইডলাইন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে হজ গাইড বই ও প্রয়োজনীয় তথ্যপত্র বিতরণ করা হয়।