খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ও বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড (বিসিএসও)-২০২৬ এর খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (শনিবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির আয়োজনে এবং সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতাসহ মোট পাঁচটি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক শেখ মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিনের প্রভাষক ফারহান সাদিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিএসই ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।