কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই মাদক সেবীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। ভ্রাম্যমাণ আদালত সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি গ্রামের মোঃ জাহাঙ্গীরকে ইয়াবা সেবন করে পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের অসীম দাসকে গাঁজা সেবন, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।