নিজস্ব প্রতিবেদক : এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্ব উৎসাহ করা হচ্ছে। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর। পথসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। যে কারণে ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেড়িয়ে আসতে হবে। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য গোলাম হয়ে কাজ করবে। হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশোর ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য নারীদের রাজনীতি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা ফিরে আশার হুমি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারো এ দেশে দাফনও হবে না। পথসভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আসতে বাধা তৈরি করা হচ্ছে। নারীদের রাজনীতিতে থামিয়ে দিতে চরিত্র হনন করা হয়। এই বাধা উপেক্ষা করে রাজনীতিতে আসতে হবে তিনি আরো বলেন, গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। তা না হলে জুলাইয়ের তরুণদের আবারো গুলি খেতে হবে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির সমন্বয়ক ও নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান, যুগ্ম আহবায়ক মুনির আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাঘারপাড়া প্রতিনিধি জানান- জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টায় বাঘারপাড়া চৌরাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে ১১দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এনসিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের স্থানীয় নেতা এহিয়া জিসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ এমপি ও বিশেষ অতিথি সুলতানা তাবাসুম এমপি। বক্তব্য দেন আবু হাসান জুয়েল, খালেদ সাইফুল্যাহ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য পদযাত্রা বাঘারপাড়া চৌরাস্তা থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।