কলারোয়া প্রতিনিধি : ইফতার করা হলো না স্কুল ছাত্র সজীব হোসেনের(১৫)। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে শুক্রবার পৌনে ৬ টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে ইটবাহী ট্রলি চাপায় প্রাণপ্রদীপ নিভে যায় সজীবের। নিহত সজীব বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। জানা গেছে, শুক্রবার পড়ন্ত বিকেলে সজীব নিজ গ্রাম আগুনপুর থেকে বাইসাইকেলযোগে কলারোয়ার বাসায় আসছিলো। পথিমধ্যে আলাইপুর খাঁপাড়ার নিকটে একটি ইটবাহী ট্রলি সামনের দিক থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে পড়ে সজীব ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। ঘটনার পরপরই পথচারীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অবৈধ বাহনের কাছে থেমে গেল মেধাবী এক শিক্ষার্থীর জীবনের সকল স্বপ্ন। সজীবের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।