কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে দিনে দুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাবেদ আলী নামে এক বিকাশ প্রতিনিধি। তবে, এ সময় সড়কে চলাচলকারী এক কভার ভ্যান চালকের তাৎক্ষণিক সাহসিকতায় রক্ষা পেয়েছে বিকাশ কোম্পানির তিন লাখ টাকা। এ সময়ে স্থানীয়দের ধাওয়ায় ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়। রোববার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান প্রিন্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বিকাশ এজেন্টের এস আর জাবেদ আলী টাকা নিয়ে মোটরসাইকেলে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে প্রিন্স ফিলিং ষ্টেশনের সন্মুখে পৌছালে ওৎ পেতে থাকা দুই ছিনতাইকারি তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা চালায়। এ সময়ে পেছন থেকে আসা সেতু ট্রান্সপোর্ট নামের কাভার ভ্যান চালক সুরুজ শেখ ঘটনাটি দেখে সড়কেই তার গাড়িটি আড় করে দেয়। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা তাদের মটরসাইকেলটি ফেলে রেখেই পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশে খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত বিকাশ প্রতিনিধিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ছিনতাই চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করেন। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে দুটি নাম্বারের নেমপ্লেট পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।