অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে আমডাঙা খালের কচুরিপানা অপসারণ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার আলীপুর এলাকায় খালের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা অপসারণ করা হয়। কর্মসূচি পরিদর্শন করে কাজের সার্বিক খোঁজখবর নেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। এ সময় তিনি দ্রুত আমডাঙা খাল সংস্কার করে ভবদহের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। খালের পাশে গড়ে ওঠা বালুর ড্যাম্প থেকে বালুমিশ্রিত পানি সরাসরি খালে ফেলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এতে খালের তলদেশে পলি-বালি জমে গভীরতা কমছে এবং পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভবদহের জলাবদ্ধতা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি অংশগ্রহণকারীদের জন্য নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা করার কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সভাপতি এস এম মুজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বিএনপি নেতা আবু নওশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।