শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে উপজেলার উলাশী গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫) ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।