অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে নয় মাসের জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে রমজান আলী (৪০) ও গুয়াখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২২)। ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় গুয়াখোলা গ্রামের সাগর বিশ্বাস নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত দুজনকে একশ’ টাকা করে জরিমানাও করা হয়েছে। এ ব্যাপারে বুধবার (১৩ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।’