সাতক্ষীরা প্রতিনিধি: নৈতিক স্খলন ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও আইনানুগ ব্যবস্থার দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী। দলীয় পদ হারানোর পর এলাকায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এলে মিষ্টি বিতরণ করা হয়। একই সাথে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন উপস্থিত আলেমদের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম,মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এ সময় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো শ্যামনগরবাসী আজ লজ্জিত। একজন জনপ্রতিনিধির এমন চরিত্রহীন আচরণ পুরো আলেম সমাজ ও এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাঁকে দলীয় পদ ও শুরা সদস্য থেকে বহিষ্কার করলেও কেবল দলীয় শাস্তিতে শান্ত নয় জনগণ। অবিলম্বে তাঁর সংসদ সদস্য পদ বাতিল ও জাতীয় সংসদ থেকে তাঁকে অপসারণের জন্য মাননীয় স্পিকারের প্রতি আহ্বান জানান আলেম-ওলামারা। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, গাজী নজরুল স্বইচ্ছায় পদত্যাগ না করলে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।