নিজস্ব প্রতিবেদক : যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি ফাঁকা ডেথ (মৃত্যু) সার্টিফিকেট ছিঁড়ে নেওয়ার অভিযোগে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম সাব্বির হোসেন (২৮)। তিনি যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আমজাদ হোসেন।
হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানাযায়, রোববার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে গোপনে একটি ফাঁকা ডেথ সার্টিফিকেট ছিঁড়ে নিয়ে যায় অভিযুক্ত সাব্বির। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংবেদনশীল সরকারি নথি অপব্যবহারের চেষ্টা গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) ইলিয়াস হোসেন হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।