কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিনব কায়দায় মাইক্রোবাসে করে ছাগল চুরির সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া গ্রামের পিচ রাস্তার ওপর এ ঘটনা ঘটে। আটকরা হলেন—যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের মো. হেলাল উদ্দিন (৩৫), মোছা. সুফিয়া খাতুন (৫৫) ও মো. ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা সংঘবদ্ধভাবে ছাগল চুরি করছিল। এ সময় চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের কালো রঙের একটি মাইক্রোবাস জব্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্জনতার সুযোগ নিয়ে চক্রটি একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তুলে নেয়। পরে ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে তোলার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা একত্রিত হয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে তিনজনকে অবরুদ্ধ করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে প্রথম ছাগলটি চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, “দুপুরে চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পর পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরিকৃত ছাগলসহ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।