প্রেসবিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ২১ আগস্ট (শুক্রবার) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক ধারায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দায়িত্বশীল নেতৃত্ব দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, একটি দেশের অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে মহামান্য রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা উচ্চশিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এবং গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্ব ও অভিভাবকসুলভ দিকনির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রায়ও তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন তিনি। উপাচার্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর দায়িত্বকাল দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।