শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আপন দুই ভাই মাহবুব বিশ্বাস ও খবির বিশ্বাসের গোয়ালঘরের তালা ভেঙে গোয়ালঘরে রাখা ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে। গরু ও ছাগল চুরি হয়ে যাওয়ায় শূন্য গোয়ালঘর দু’টি হাহাকার করছে। ঘটনাটি বরিবার দিবাগত রাতে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট নতুন পাড়া গ্রামে।
মাহবুব বিশ্বাস জানান, রোববার দিবাগত গভীর রাতে এ চুরি হয়েছে বলে আমরা ধারণা করছি। প্রতিদিনের ন্যায় গরুগুলোকে খাবার দিয়ে রাতে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে দেখি গোয়ালঘরের তালা ভাঙা। তখন গোয়ালঘরের ভিতরে গিয়ে দেখি আমার ২টা গরুর একটাও নাই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। এরই মধ্যে তিনি জানতে পারি আমার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়ালঘর থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়ে গেছে।
খবির উদ্দিন বিশ্বাস জানান, তার ৩টা গরু ও ১টা ছাগল চুরি হয়েছে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, পুলিশকে মৌখিক ভাবে জানালে পুলিশ সেখানে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।