আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বৃষ্টির পানিতে জলমগ্ন এলাকা ও ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু। শনিবার (১২ জুলাই) সকালে তিনি জলমগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন, ভুক্তভোগি মানুষের সাথে কথা বলেন ও মসজিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং সরকারি অনুদানের আশ্বস্ত করেন। গত ৪ দিনের একটানা বৃষ্টিপাতের ফলে ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শনকালে ইউএনও মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম সরদার, সেক্রেটারী লাল মাহমুদ গাজী, সাংবাদিক শরিফুল ইসলাম, বিএম আলাউদ্দীন প্রমুখের সাথে কথা বলেন এবং মসজিদের উন্নয়নে সহায়তা দানের কথা বলেন।