প্রেসবিজ্ঞপ্তি: উৎসব ও আনন্দমুখর পরিবেশে শনিবার সকাল ১১ টায় খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে সকাল ১১ টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। ৪০ মিনিটের ম্যাচে সিএসই বিভাগ আইএসএলএম বিভাগকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। দুপুর ১২ টায় ইংরেজি ও ইইই বিভাগের মধ্যকার ২য় ম্যচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৩-৩ গোলে ড্র এর মাধ্যমে পয়েন্ট ভাগাভাগি হয়। এছাড়া দুপুর ২:০০ টায় সিএসই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এই মাচে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সিএসই বিভাগকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। আগামী ১২ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের মধ্যে এবং বিকাল ৫ টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।