বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা, আজীবন কমিউনিস্ট, কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’। রোববার উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখানের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অমল সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনাসভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে কমরেডের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর বাকড়ী গোচর মাঠে অলোচনা সভায় অংশ নেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক জহিরুল হক জহির, বাঘারপাড়া উপজেলা কমিটি ও স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, যশোর জেলা কমিউনিস্ট লীগের সদস্য পলাশ বিশ্বাস, সদস্য বিথীকা বিশ্বাস, প্রফেসর রমেশ চন্দ্র অধিকারী, অপূর্ব অধিকারী, দিলীপ বিশ্বাস, সুবোধ বিশ্বাস প্রমুখ। অলোচনা শেষে একই মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বসুন্দিয়া ফুটবল একাদশ বনাম নড়াইল ফুটবল একাদশ। এরপর সন্ধ্যায় কমরেড অমল সেন এর সমাধিতে মোমবাতি প্রজ্বালন করে দিনের কর্মসূচি শেষ হয়। উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৩ সালে ১৯জুলাই নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এক জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দাবি আদায়ে আজীবন সেই জমিদার, জোতদার তথা ভূস্বামীদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। আজীবন বিপ্লবী নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ মহান নেতা ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ ইচ্ছানুযায়ি বাকড়ী বিদ্যালয় চত্বরে মরদেহ সমাধিস্থ করা হয়। যেখান থেকে তেভাগা (উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে কৃষক) আন্দোলনের সূচনা করেছিলেন।