কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার দেয়াড়া বেলেমাঠপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেয়াড়া বেলেমাঠপাড়া গ্রামের ইব্রাহিম মোড়লের ছেলে রিপন হোসেন (৩০) এবং একই গ্রামের ইসমাইল গাজীর ছেলে মো. নাজমুল গাজী (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি বিশেষ দল দেয়াড়া বেলেমাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক মামলার এজাহারনামীয় আসামি রিপন হোসেনের বসতবাড়ির উঠান থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রিমু জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।