Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে ওয়াপদা বেড়িবাঁধ কেটে লোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২১ আগস্ট , ২০২৬, ০৯:০২:১৪ পিএম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা খেয়াঘাটের উত্তর পাশে কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণকারী ওয়াপদা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে পাইপ বসিয়ে লোনা পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে বেড়িবাঁধের ওপর এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কালাম ঢালী, নুরমান সরদার, আশিকুল আলম, আমিরুল গাজী, ইমান আলী গাজী এবং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ সানা। বক্তারা বলেন, ৭/৯ নম্বর পোল্ডারের চাকলা-তৈলখালী গ্রামটি কপোতাক্ষ নদের ভাঙনপ্রবণ এলাকায় অবস্থিত। অতীতে সিডর, আইলা ও আম্পানের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। দীর্ঘ প্রচেষ্টায় দুই বছর পর ওয়াপদা বাঁধ সংস্কার করা হয় এবং সরকারিভাবে বাঁধের ভেতর লবণ পানি ঢোকানো বা ঘের করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। অভিযোগ করা হয়, সরকারি নীতিমালা উপেক্ষা করে সুভদ্রাকাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আসলাম হোসেন গাজী দীর্ঘ ২০ বছর ধরে অবৈধভাবে লোনা পানি ঢুকিয়ে মৎস্য ঘের করে আসছেন। সম্প্রতি তিনি ও তার সহযোগীরা বেড়িবাঁধ ৮-১০ হাত চওড়া এবং ১০ হাত গভীর করে কেটে পাইপ বসিয়েছেন। এর ফলে সংলগ্ন ২৫০ থেকে ৩০০ বিঘা জমির আমন ধান লোনা পানিতে নষ্ট হয়ে লালসে ও হলুদ রঙ ধারণ করে মরে যাচ্ছে। এছাড়া এনজিও 'উত্তরণ' নির্মিত প্রটেকশন বাঁধ কেটেও লোনা পানি ঢোকানো হচ্ছে। বক্তারা আরও জানান, গত ৫ আগস্ট বাঁধ কাটার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য বাধা দিতে গেলে তাকে ধাক্কাধাক্কি ও গালিগালাজ করা হয়। উল্টো ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করারও অভিযোগ তোলেন তারা। ইতোমধ্যে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালীর সহায়তায় এবং স্থানীয় এমপি হাফেজ রবিউল বাশারের সুপারিশসহ ইউএনও, ওয়াপদা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক বরাবর গণপিটিশন দাখিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বাঁধের বড় ধরনের ক্ষতির হাত থেকে এলাকা ও সোনার ফসল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)