নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. বুলবুল হাসান। এক সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ৫০টি ফুটবল বিতরণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার শ্যামকুড় মাঝেরপাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় মো. বুলবুল হাসান বলেন- তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মেম্বার পদপ্রার্থী মো. আল-আমিন হোসেন, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাইমিনুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিম খলিল, ছাত্রদলের সদস্য মো. ইনামুল কবীর ও মো. শামিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদানীয়া নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবুল হুসাইন, মাওলানা মো. তাজু আহমেদ, মো. হারুনুর রশীদ, মাদ্রাসার শিক্ষার্থী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন- খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।