Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ চালুর আগেই যন্ত্রপাতি নষ্টের আশঙ্কা!

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৭:৪১:১৪ পিএম

বিল্লাল হোসেন : ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধন করা হয়েছিল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিট। কিন্তু কার্যক্রম চালু না হওয়ায় রোগীরা একদিনও সেবা পাননি। ফলে চালুর আগেই সেখানকার আধুনিক যন্ত্রপাতিগুলো নষ্টের আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। অথচ সেখানে রোগীদের হাইফ্লো অক্সিজেন সুবিধাসহ উন্নতমানের ন্যাজাল ক্যানোলা ও আধুনিক মেশিনসহ জরুরি প্রয়োজনে সব ধরণের সেবা দেয়া সম্ভব ছিল।
জানা গেছে, গত ২০২১ সালের নভেম্বর মাসে হাসপাতালের পুরাতন মহিলা সার্জারী ওয়ার্ডে ৫ শয্যার আইসিইউ চালু করা হয়। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় করোনায় আক্রান্ত ছাড়াও সাধারণ রোগীরা আইসিইউ সেবা পাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। করোনার আইসিইউ সাধারণ রোগীদের জীবন রক্ষায় ব্যবহার হচ্ছে। রোগীর চাপের কারণে পুরাতন ভবনের আইসিইউ পরিচালনা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে করোনারি কেয়ার ইউনিটের ৪র্থ তলায় নতুন করে ১০ শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। নতুন দুটি ওয়ার্ডে রয়েছে ১০ শয্যার আইসিইউ, ২০ শয্যার আইসোলেশন, চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালনের আলাদা কক্ষ, অক্সিজেন, নেবুলাইজার ও ভেন্টিলেটরসহ বিভিন্ন উপকরণ।
সূত্র জানায়, নতুন ইউনিটে মুমূর্ষু রোগীদের শ্বাস-প্রশ্বাসের জন্য ভেনটিলেটর মেশিন, অটোমেটিক সিরিঞ্জ পাম্প মেশিন, কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয়েছে। পালস, প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন এবং ইসিজি রয়েছে । ৬০-৮০ লিটার পার মিনিটে অক্সিজেন সাপ্লাই দেয়ার জন্য হাইফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন, শ্বাসনালি পরিষ্কার করার জন্য সাকার মেশিন, শ্বাস-প্রশ্বাস ঠিক রাখার জন্য বিপেপ এবং সিপেপ, হঠাৎ বন্ধ হওয়া হার্টকে শক দিয়ে সচল করার জন্য ডিফিব্রিলেটর স্থাপন এবং প্রতিটি বেডের বিপরীতে সেন্ট্রাল অক্সিজেন লাইন, একটি ইয়ার ও একটি ভ্যাকিউম লাইন সংযোগ রয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিটের অত্যাধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কবে নাগাদ সেখানকার কার্যক্রম শুরু হবে এটাও নিশ্চিত নয়। ফলে ইউনিটের কার্যক্রম চালুর আগেই যন্ত্রপাতিগুলো নষ্টের আশঙ্কা রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান- করোনারি কেয়ার ইউনিটের ৩ তলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। শুধুমাত্র লিফটের অভাবে নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছেনা। গত ১০ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শারমিন হাসপাতাল পরিদর্শনে আসেন। ওই দিন নতুন আইসিইউ ভবনে লিফটের সমস্যার বিষয়টি তাকে অবহিত করা হয়েছিল। খুব শিগগির সমস্যার সমাধান হতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)