পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময়ে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমিরকে মুখোমুখি বসানো হয়। বৈঠকে উভয় পক্ষকে সমঝোতায় আনা সম্ভব হয়। পরে তাদের কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ অবস্থান রাখার বার্তা দেয়া হয়। এ সময় নিজ নিজ নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা রাড়ুলী ইউনিয়নেও উত্তেজনা সৃষ্টির প্রাথমিক খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম সেখানে পৌঁছে যায়। তাদের তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান- বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার সহ কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।