বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ওসমান গনি হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওসমানের বড় ভাই এনামুল কবীর। বুধবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
লিখিত বক্তব্যে এনামুল বলেন- সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তার ভাই ওসমান ছিল বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের ঘোড়া প্রতীকের সমর্থক । এই অজুহাতে নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারী ওসমানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসী চক্র নির্বাচনের পর থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘোড়া প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে । তারা যুবদল নেতা রানার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ওসমান হত্যার বিচারের দাবিতে বাগেরহাট মডেল থানায় ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে । তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের আগে ও পরে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেনের উস্কানিমূলক, অসৌজন্যমূলক ও শিষ্টাচার বর্হিভুত বক্তৃতা বিবৃতির কারনে তিনি পরাজিত হয়েছেন। অথচ তিনি পরাজয়ের জন্য ঘোড়া প্রতিকের কর্মি সমর্থকদের দায়ী করে চলেছেন। নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি রক্ষার সার্থে ব্যারিষ্টার জাকির হোসেনের কর্মি সমর্থকদের সংযত আচরনের জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ করা হয় । সংবাদ সম্মেলনে নিহত ওসমানের চাচা মুনসুর সরদার, মাহাতাব সরদার, চাচাতো ভাই নিক্সন সরদারসহ ২৫/২৬ এলাকাবাসী উপস্থিত ছিলেন ।