অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকসেবীদের আড্ডায় বাধা দেয়াকে কেন্দ্র করে গভীর রাতে দুই শতাধিক ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে নওয়াপাড়া পৌরসভার রাজঘাট শিল্প হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজঘাট গ্রামের কৃষক জাহাঙ্গীর শেখ ও খোকন জমাদ্দার জেলা সিভিল সার্জনের মৌখিক অনুমতি নিয়ে শিল্প হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত জমিতে দীর্ঘদিন ধরে কলা চাষ করে আসছিলেন। তাদের দাবি, হাসপাতালের পরিত্যক্ত ভবনে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। সম্প্রতি তারা ওই আড্ডায় বাধা দেন এবং মাদকসেবীদের সেখান থেকে সরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গভীর রাতে বাগানের দুইশতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলে। রোববার সকালে বাগানে গিয়ে ধ্বংসযজ্ঞের চিত্র দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা জানান, ধারদেনা করে এবং কঠোর পরিশ্রমে গড়ে তোলা এই বাগান ছিল তাদের একমাত্র সম্বল। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন ক্ষতিতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ভুক্তভোগী কৃষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে গাজীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) নাসির উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।