অভয়নগর (যশোর) প্রতিনিধি : পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদারে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ৫টি মামলায় পাঁচজন ফলের দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় পাঁচজন ফল ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনজকে ৩ হাজার করে ৯ হাজার টাকা, একজনকে ৫ হাজার টাকা ও অপর একজনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’