মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বুধবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ওয়ার্ড বিএনপির পার্টি অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এরই প্রেক্ষিতে পুলিশের অভিযানে ওই রাতেই এক নারীসহ ১৫ জনকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় মাগুরা সদর থানা পুলিশ ১৫ জন আসামিকে কোর্টে চালান করেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় আলাদা দুইটি মামলা হয়েছে, যার নম্বর-৩২ ও ৩৩।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুম ইসলাম জানান, বাটিকাডাংগা চাররাস্তার মোড়ে স্থানীয় বিএনপি অফিসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বন্টনের বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুই পক্ষের মধ্যে মারামারি ও অফিস ভাঙচুরের ঘটনায় ২টা মামলা ও উভয় পক্ষের নারীসহ ১৫ জন আসামিকে আটক করা হয়েছে।