নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার দুপুরে উপজেলার খালিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। এ সময় মহেশপুর থানার অফিসার ইনর্চজ (ওসি) মেহেদী হাসানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মহাসড়ক আইন ২০২১-এর সংশ্লিষ্ট ধারায় খালিশপুর কোল্ড স্টোরেজকে এই জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, মহাসড়ক আইন ২০২১-এর ১৩ ধারার উপধারা লঙ্ঘন করায় ১৪ ধারার ১১ উপধারা অনুযায়ী এ অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এদিকে একই দিন সকালে খালিশপুর কোল্ড স্টোরেজ কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হন।