অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে জার্বান ফাইবার্স লিমিটেড নামে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অবস্থিত জুট মিলটিতে এ ঘটনা ঘটে| খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে| কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মিলের মেশিনসহ বিপুল পরিমাণ পাট পুড়ে যায়|
মিল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে| জার্বান ফাইবার্স লিমিটেড, যা স্থানীয়ভাবে নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত, বর্তমানে বাংলাদেশি এম এ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলারের যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে| মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান জানান, রাত প্রায় ২টার দিকে একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়| তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও মিলের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়|
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন-খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে| রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণ কাজ শেষ হয় সকাল ৮টার দিকে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনারির শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে| ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে জানান তিনি| এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে|