জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, আমার ফাস্ট প্রায়োরিটি শিক্ষা এবং মাদকের গ্রাস থেকে সমাজকে মুক্ত করা। তবে এগুলো এককভাবে করা সম্ভব নয়। এ জন্য শিক্ষক-অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার উপজেলার সকল প্রকার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার জসিম উদ্দিন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।