Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ১২:৫১:৪২ এম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। একইসঙ্গে সংকটের স্থায়ী সমাধানে ওয়াশিংটনের কাছে ১০ দফা একটি পরিকল্পনা পাঠিয়েছে, যাকে আলোচনার জন্য একটি ‘কার্যকর ভিত্তি’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বা যুক্তরাষ্ট্র, কোনো পক্ষই এখনো তাদের প্রস্তাবের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তেহরানের ১০ দফার প্রধান শর্তগুলো হলো- ১. মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সব ধরনের সামরিক তৎপরতা সম্পূর্ণ বন্ধ করা, ২. ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতি, ৩. যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা ইরানের বিশাল অঙ্কের তহবিল ও সম্পদ অবিলম্বে অবমুক্ত করা এবং ৪. যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পুনর্গঠনে ‘পূর্ণ ক্ষতিপূরণ’ প্রদান করা। ইরানের ১০ দফার বিপরীতে ওয়াশিংটন একটি ১৫ দফা পরিকল্পনা তৈরি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে ‘কার্যকর’ বললেও মার্কিন প্রশাসনের ১৫ দফায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ন্ত্রণের মতো কঠোর শর্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই পক্ষই তাদের প্রস্তাব নিয়ে দরকষাকষি শুরু করতে যাচ্ছে ইসলামাবাদে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এ গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একইসঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। এদিকে সকালে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)