নিজস্ব প্রতিবেদক: যশোরের উপশহর পার্ক সংলগ্ন হিরা প্লাস্টিক ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে দুই মালিককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে দুই কারখানায় ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল। বুধবার পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব-৬ যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পার্ক এলাকার হীরা প্লাস্টিক কারখানায় অভিযান চালায়। কারখানাটিতে প্লাস্টিক পণ্যের আড়ালে তৈরি করছিল নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার ও সাহা সুপার ভিম বার সাবান। এ অপরাধে কারখানা মালিক আব্দুল বারীকে আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে, র্যাবের অভিযানিক দল একই এলাকার আরএসওয়াই কেমিক্যাল কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় নিম্নামনের কেমিকেল উৎপাদন ও নানা অসঙ্গতির কারণে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স, বিএসটিআই কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।