খুলনা প্রতিনিধি : দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খুলনা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তায় রাজনীতিকরা একাত্মতা ঘোষণা করেছেন। বলেছেন, পেশাজীবী সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবে হামলা হলে গণমাধ্যমকর্মীরা নিরাপত্তায় ভুগবে। সিসি ফুটেজ দেখে দুর্বৃত্তদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি সোচ্চার হয়। সমাবেশে বলা হয় এ ধরণের ঘটনা ইতিপূর্বে ঘটেনি। তবে, গত দুই যুগে খুলনার ৪জন সাংবাদিক দুর্বৃত্তের হাতে নিহত হন। এ ঘটনার পুনরাবৃত্তি আজকের প্রজন্ম আর দেখতে চায় না।
গত রোববার স্থানীয় প্রেসক্লাবে দুর্বৃত্তদের অনাধিকার প্রবেশ, সভাপতি প্রার্থীকে হুমকি ও সাধারণ সম্পাদক প্রার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সোমবার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি করেন। প্রেসক্লাব এর আয়োজক।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ও ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন রফিউল ইসলাম টুটুল, শেখ দিদারুল আলম, এস এম হাবিব, মোতাহার রহমান বাবু, মোস্তফা সরওয়ার, এস এম জাহিদ হোসেন, এহতেশামুল হক শাওন, আশরাফুল ইসলাম নূর, হাসান আহমেদ মোল্লা, হাসান হিমালয়, হেদায়েত হোসেন মোল্লা, মুহা: নুরুজ্জামান, কামরুল আহসান, মহেন্দ্রনাথ সেন, মাহাবুবুর রহমান মুন্না, বেলাল হোসেন সজল, আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।
মানববন্ধন চলাকালে প্রেসক্লাব সংলগ্ন সড়ক অবরোধ করা হয়। এ সমাবেশে বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, শমসের আলী মিন্টু, জামাল মোড়ল, ইসলামী আন্দোলনের মো: নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।