মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বাদশা মিয়ার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের যাত্রীরা দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়দেরকে ডেকে তোলেন। স্থানীয়দের দেয়া ৯৯৯ নম্বরে ফোন দেয়ার মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ইলেকট্রনিক মালামাল ও ব্যাটারী চার্জ করানোর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন, সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মন্ডল ও শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সী, সিটকাপড় ও টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত ও গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আউয়াল মৃধা বলেন-তার দোকানে ৬৫ টি পিস মাইকের ইউনিট, ৪৫ টি হর্ণ, ৩৭ টি মাইক সেটসহ বিভিন্ন মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেখর চন্দ্র হালদার বলেন, স্থানীয়দের ফোন পেয়ে বাড়ি থেকে ওই রাতেই এসে দেখি আগুন জ¦লছে দোকানগুলো। তবে, আউয়াল মৃধার দোকান থেকে আগুন লাগে। ক্ষতিগ্রস্তরা ধারনা করছেন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অনেকের ব্যাটারী চার্জ থেকেও আগুন লাগতে পারে। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে সহয়তা প্রদান করেন।