মোরেলগগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামীম মৃধা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার জিউধরা গ্রামে এ এঘটনা ঘটে।
হামলাকারীরা নগদ পাঁচ লাখ টাকা, খামারের চার শতাধিক হাঁস, সাড়ে তিনশ’ মুরগিসহ অন্তত বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে রয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত শামীম মৃধা ওরফে শুকুর মৃধা জিউধরা গ্রামের ইসমাইল হোসেন মৃধার ছেলে। তিনি জিউধরা বাজারের অনলাইন নগদ-বিকাশ ব্যবসা প্রতিষ্ঠান আফিফ টেলিকমের স্বত্ত্বাধিকারি।
শামীম মৃধার স্ত্রী সুমি বেগম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ইউসুফ মৃধার সাথে বিরোধ ছিল। ঘটনার সময় তার স্বামী শামীম মৃধা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাত্র বাড়ি ফিরে খামারে যায়। এরই মধ্যে ইউসুফ মৃধার নেতৃত্বে দাউদ মৃধা, গিয়াস মৃধাসহ ৪০-৫০ জনের একটি বাহিনী তার বাড়িতে প্রবেশ করে। তখন পিছন থেকে তার স্বামীকে হামলা করে ও ব্যাগে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। খামারে লুটপাট চালায়। কেউ হাঁস জবাই করে বস্তা ভরে, আবার কেউ মুরগি জবাই করে বস্তায় ভরে নিয়ে যায়। জীবিত হাঁস-মুরগিও নিয়েছে কয়েকজন। বাঁধা দিলে তাদের স্বামী-স্ত্রী, তিন বছরের সন্তান ও বৃদ্ধমাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। লুটপাট ও ভাংচুর শেষে বসত ঘরে আগুন দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
সুমি বেগম আরও বলেন, ভয়ে সারারাত তারা কেউ ঘুমাতে পারেনি। তাকে এবং তার স্বামীকে মারধরও করেছে হামলাকারীরা। লুটে নেয়া সম্পদ ফেরত এবং ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেন এই নারী। ব্যবসায়ী শামীম মৃধা বলেন, এমন ন্যাক্কার জনক হামলা করবে তা কখনও ভাবিনি। লুটপাট করে আমাকে আর্থিকভাবে শেষ করে দিয়েছে। হামলার বিচার এবং লুটে নেয়া সম্পদ ফেরত পেতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী।
এ বিষয়ে ইউসুফ মৃধা বলেন, শামীম মৃধা আমার ভাইয়ের ছেলে। আমার সম্পত্তির মধ্যে তারা ঘর তৈরি করতে চেয়েছিল। বাধা দিলে তারা শোনেনি। পরে আমার ছেলে ও তার বন্ধুরা একত্রিত হয়ে ঘরটি ফেলে দেয়। কোনো লুটপাটের ঘটনা সেখানে ঘটেনি।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।