Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ইউএনও’র কাছে শিক্ষার্থীদের অভিযোগ

আলমডাঙ্গার মাধবপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের আচরণে ক্ষোভ

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ০১:৪১:৩৪ এম

আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গার মাধবপুর মডেল হাই স্কুলের মাঠে দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থী ও এলাকার তরুণরা খেলাধুলা করে আসছিলেন। তবে সম্প্রতি স্কুল মাঠের চারপাশে তারকাঁটার বেড়া নির্মাণ করে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক আশরাফ জাহান মাঠে খেলাধুলা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণরাও হতাশা প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে- স্কুলে লাগানো ফুলের টব, মোটরের পাইপ, পানির ট্যাংকিসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটেছে-এমন অভিযোগ তুলে প্রধান শিক্ষক মাঠে বহিরাগতদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেন। যদিও মাঠে খেলতে আসা শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, ঘেরার কাজ চলাকালে প্রধান শিক্ষক তাদের সাময়িকভাবে খেলাধুলা বন্ধ রাখতে বলেছিলেন। কিন্তু ঘেরা সম্পন্ন হওয়ার পর তিনি স্থায়ীভাবে মাঠে খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করেন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা উপায়ান্তর না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর থেকেই প্রধান শিক্ষক আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তার কয়েকজন সাবেক শিক্ষার্থীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। ভিডিওতে তাকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অশোভন আচরণ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কিছু যুবক নিয়মিত খেলাধুলার আয়োজন করে আসছিলেন। মাঠ বন্ধ করে দেয়ায় তাদের সেই কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক আশরাফ জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওতে তাকে স্কুলের নিরাপত্তা ও সম্পদ রক্ষার বিষয়টি উল্লেখ করতে শোনা যায়। এদিকে, এ ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)