নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন-দেশ উন্নয়ন ও সম্মৃদ্ধশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া জনবান্ধব সব কর্মসূচি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার বাস্তবায়ন শুরু করেছে, ঠিক তখনই একটি দল সরকারকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্যদিকে অপর একটি ষড়যন্ত্রকারী দল তাদেরকে সহযোগীতা করছে। ফলে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের দেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। আর এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের মানুষ যেমন উপকৃত হবেন তেমনি দেশও উন্নয়নের শিখরে পৌঁছাবে। আর এতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ টিকে থাকবে। সকলকে মনে রাখতে হবে বিগত স্বৈরাচারী সরকার গনরোষে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে তাদের দোষররা এখনও থেমে নেই। তারা বিভিন্ন ভাবে বিদ্যমান রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সোমবার বিকেলে মণিরামপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক শহীদুল বারী রবু, সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমান, অ্যাডভোকেট এমএ গফুর, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, যুবদল আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ প্রমুখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।