অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ওজনে কারচুপির মাধ্যমে প্রায় ২ টন সয়াবিন ভুষি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. রাজু আহমেদ বাদী হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি হওয়া ভুষির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
অভিযোগে উপজেলার শংকরপাশা গ্রামের মো. আলাউদ্দিন শেখের ছেলে সোহাগ শেখ (২৫)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্রো-ট-২০-২৪৩৩ নম্বর ট্রাকে করে আরআরপি গ্রুপের ২১ টন সয়াবিন ভুষি ফরাজী ট্রেডিংয়ের মাধ্যমে হাসান ফিডে পাঠানো হচ্ছিল। পথে নওয়াপাড়া ব্রিজ এলাকায় ওজন পরিমাপের সময় অভিযুক্তরা ওজন স্কেলের দায়িত্বে থাকা স্কেলম্যান মিঠুনের সহযোগিতায় সুকৌশলে ওজনে গড়মিল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সেখান থেকে ২ টন সয়াবিন ভুষি সরিয়ে নিয়ে তা অন্যত্র বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। আত্মসাৎকৃত ভুষির বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ব্যবসায়ী মো. রাজু আহমেদ জানান, পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি জানতে পেরে তিনি প্রধান অভিযুক্ত মো. সোহাগ শেখকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সোহাগ ওজনে কারচুপির মাধ্যমে ভুষি আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন। এদিকে, কতিপয় অসাধু ব্যক্তির প্ররোচনায় কিছু নামসর্বস্ব অনলাইন মিডিয়া ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শংকরপাশা গ্রামের সাকিব (২৫) ও হাসিবুল হাসান (২৬)-এর নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’