অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উপজেলার শীর্ষ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় যুক্তি-তর্কের প্রাণবন্ত লড়াই শেষে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল। রানারআপ হয় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নুসরাত জাহান তিশা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েলস স্কুল।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপু।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমীন ও সহকারী পরিদর্শক সুমিত দাস। সম্মানিত অতিথি ও মডারেটর (তর্কপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, সনদ ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।