সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তার শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আঠারো মাইল দিক থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-১৩-২৬-৯০ নাম্বারের যমুনা লাইন নামের একটি পরিবহন শাহাপুর বাজারে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরভ্যানে থাকা গৃহবধূ রুমি আক্তার ঘটনা স্থানে নিহত হন। দুর্ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা এ ঘটনায় প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।