চৌগাছা প্রতিনিধি: জুলাই সনদের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে সরকারকে জুলাই বাস্তবায়নে বাধ্য করা হবে। চৌগাছা উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর -৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এ কথা বলেন। রবিবার বিকাল তিনটায় চৌগাছার কামিল মাদ্রাসার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন- দেশকে চিরতরে স্বৈরাচারমুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। অথচ আজ গণভোটের রায় বাস্তবায়নে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আগামী ৫ আগস্টের পূর্বেই জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেন। সেই সাথে জুলাই শহীদদের পরিবারকে সরকারি ভাবে ভাতা প্রদানের দাবি জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন- বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাঁধা হচ্ছে ভারত। সেকারণে বর্তমান সরকার চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মেলনে পুরুষ মহিলা মিলে প্রায় তিন শতাধিক রুকনরা অংশগ্রহণ করেন।