নিজস্ব প্রতিবেদক : যশোরে ৩১ লাখ ৩২ হাজার টাকার রূপাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৯। আটক রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের আমজাদ আলী খানের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের নিমতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করা হয়রবিউল ইসলামকে। আটক ব্যক্তির বহন করা স্কুলব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি রূপার ছড় ও বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রূপার ওজন ৭ কেজি ৯শ'৩০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৩২ হাজার ৩শ'৫০ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন ও নগদ টাকা। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার হওয়া রূপা চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেন। এ ঘটনায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর নায়েক খন্দকার বাদল বাদী হয়ে আটক রবিউল ইসলামের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন। বিকেলে আটক রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সাথে উদ্ধার হওয়ার রূপার আইনি প্রক্রিয়া শেষে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। বিচারক আটক রবিউল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।