মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করতে পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা সফর করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৬ জুলাই) সকালে তিনি পরিদর্শনে গিয়ে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও আধুনিক ট্রমা সেন্টার নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে এক মেডিকেল অফিসার ও এক নৈশপ্রহরীকে বরখাস্ত করা হয়েছে। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তৃণমূলের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি জানান, দ্রুত সয়েল টেস্টের মাধ্যমে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭-৮ তলাবিশিষ্ট একটি নতুন আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু হবে। নতুন ভবনে ট্রমা সেন্টার, পৃথক প্যারালাইসিস ও ফিজিওথেরাপি সেন্টার এবং মাতৃদুগ্ধ কর্নার থাকবে। তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা বেগবান করতে বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত ডাক্তার নিয়োগ এবং সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে পৌঁছে মন্ত্রী প্রথমেই রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের গুণগত মান চেখে দেখেন। পরে তিনি ওয়ার্ড, ওষুধ স্টোর, অপারেশন থিয়েটার ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের অব্যবস্থাপনা ও এসি চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই দায়িত্ব অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির কারণে মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি এবং এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকে বরখাস্ত করা হয়। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ স্থানীয় সুশীল সমাজ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।