নিজস্ব প্রতিবেদক : ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর মালিকের জিম্মায় দিচ্ছে না অভয়নগর থানা পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আপস-মীমাংসার জন্য চাপ, ভয়ভীতি ও হয়রানি করছেন অভয়নগর থানার ওসি নূরুজ্জামান ও এসআই বিনয়। এ ঘটনায় গত ১৬ আগস্ট যশোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী আল মামুন। তবে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম অভয়নগর থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল মামুন জানান, গত ২৯ জুন অভয়নগরের চ্যাম এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার পথরোধ করে ৪৯ হাজার ৭শ’ টাকা ও তার চাচাতো ভাইয়ের ব্যবহৃত একটি এফজেড মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করলেও সেটি তার জিম্মায় দিতে গড়িমসি করে। তিনি বলেন, তাকে অভিযুক্তদের সঙ্গে মীমাংসার জন্য চাপ দেয়া হয়। এমনকি মীমাংসায় রাজি না হলে বিভিন্ন মামলায় হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে তাকে মারধর ও বাড়ি থেকে তুলে নেয়ার হুমকি দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। আল মামুন আরও বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি অভিযুক্তদের কাছেই রেখে দিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।