প্রেসবিজ্ঞপ্তি : দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তাঁরা বলেন, এই গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে সরকার স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম কাঠামো গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়া। কমিশন গঠনের আগে গণমাধ্যম মালিক, সম্পাদকীয় ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, সম্পাদক, আইন বিশেষজ্ঞ, সাংবাদিকতা বিষয়ের শিক্ষক, গণমাধ্যম উন্নয়ন সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া জরুরি। শনিবার যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজ ও দৈনিক গ্রামের কাগজের যৌথ উদ্যোগে, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস), ডেনমার্কের সহযোগিতায় আয়োজিত ‘গণমাধ্যম কমিশন: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক এক নীতি সংলাপে এ মত উঠে এসেছে। সংলাপের শুরুতে এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বর্তমান সরকার একটি স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম কাঠামো গড়ে তোলার বিষয়ে যে অঙ্গীকার করেছে এবং এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, কমিশনের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে শুরু থেকেই এপ্রক্রিয়ায় গণমাধ্যম অংশীজন ও নাগরিকদের মতামতকে বিবেচনায় নিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান এবং দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ বলেন-জনস্বার্থে সাংবাদিকতা নিশ্চিত করতে এখনই সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নির্ধারণের সময় এসেছে। এর মাধ্যমে একদিকে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মান বজায় থাকবে, অন্যদিকে জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকারও অক্ষুণ্ন থাকবে। যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক এবং অনুষ্ঠানের সভাপতি শান্তনু ইসলাম সুমিত বলেন, তিনি একটি গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আশাবাদী তবে কমিশনকেও জবাবদিহির আওতায় থাকতে হবে। কমিশন যেন নিয়ন্ত্রণের পরিবর্তে সাংবাদিক ও গণমাধ্যমের জন্য সুরক্ষা নিশ্চিত করার ভূমিকা পালন করে এমন একটি কাঠামো প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্ট,ু দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। সভায় যশোরের স্থানীয় পর্যায়ের সম্পাদক, সাংবাদিক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন অংশ নেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন একরাম-উদ-দ্দৌলা, সম্পাদক, দৈনিক কল্যাণ, যশোর; সৈয়দ সাবেরুল হক সাবু, সভাপতি, যশোর আইনজীবী সমিতি; ফকির শওকত, সাবেক সভাপতি, প্রেস ক্লাব, যশোর; শাহিন ইকবাল, সাবেক অধ্যক্ষ, উপশহর ডিগ্রী কলেজ, যশোর; আহসান কবির বাবু, সম্পাদক, দৈনিক সুবর্ণভূমি, যশোর; ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সাবেক সভাপতি, যশোর সাংবাদিক ইউনিয়ন; আমিনুর রহমান মামুন, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সমাজের কথা, যশোর; সাজেদ রহমান বকুল, সভাপতি, যশোর সাংবাদিক ইউনিয়ন; এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব যশোর; আকরামুজ্জামান আকরাম, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন যশোর; শেখ দীনু আহমেদ, সভাপতি, জেলা সাংবাদিক ইউনিয়ন যশোর; এলিন সাঈদ-উর রহমান, সহকারী পরিচালক, জেলা তথ্য অফিস, যশোর; বিথীকা সরকার, ব্যবস্থাপক, আইইডি, যশোর; এবং হাবিবা শেফা, সাবেক সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর।