ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার দেড়ুলী গৌড়ীয় জ্যোতি মঠের আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টদের হুমকি, গালিগালাজ এবং অবৈধভাবে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। আন্দুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আশ্রমের ভক্তবৃন্দ ও স্থানীরা। ?অভিযোগপত্র সূত্রে জানা যায়, দেড়ুলী গৌড়ীয় জ্যোতি মঠের প্রতিষ্ঠাতা আচার্য গোস্বামী মনোরঞ্জন চক্রবর্তীর পুত্রবধূ সুচিত্রা চক্রবর্তী দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আশ্রমের দেখাশোনা করে আসছিলেন। সম্প্রতি অভিযুক্ত সিরাজুল ইসলাম দাবি করেন, পূর্বে আশ্রমের জমি ক্রয়ের সময় তিনি সুচিত্রা চক্রবর্তীকে ৫ লাখ টাকা দিয়েছিলেন। বর্তমানে তিনি সেই টাকা ফেরত দেওয়ার জন্য আশ্রমের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের ওপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করছেন। ?তবে আশ্রম কমিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, এই অর্থ লেনদেনের দাবির পক্ষে সিরাজুল ইসলাম কোনো বৈধ কাগজপত্র, রসিদ বা প্রমাণ দেখাতে পারেননি। কোনো প্রমাণ ছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কমিটির সদস্য ও আশ্রম সংশ্লিষ্টদের নানাভাবে ভয়ভীতি, হুমকি ও গালিগালাজ শুরু করেন। ?বর্তমানে এই পরিস্থিতিকে কেন্দ্র করে আশ্রমের ভক্ত ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন। ?এ বিষয়ে জানতে অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।