নিজস্ব প্রতিবেদক : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন ওরফে রিনা ও সাকিব হোসেন রানাকে আটক করা হয়। আটক হালিমা খাতুন শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সাকিব হোসেন রানা একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। একই সময় মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। অপরদিকে, বিকেল ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার এনায়েতপুর এলাকায় আলাদা অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ রহমত উল্লাহ আল-আমিনকে আটক করা হয়। তিনি যশোরের সদরের মনোহরপুর এলাকার আব্দুর রহমান বিশ্বাস ছেলে। পরে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।