জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল ‘সাম্মাম’ বা রক মেলন। দেখতে অনেকটা বাঙ্গির মতো হলেও স্বাদ, গন্ধ ও রঙে ব্যতিক্রমী এ ফল চাষ করে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন উপজেলার পাতিলা গ্রামের কৃষক জসীমউদ্দীন। ইউটিউবে সাম্মাম চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের পর তিনি পরীক্ষামূলকভাবে এর আবাদ শুরু করেন। এবার দেড় বিঘা জমিতে তিনি বাণিজ্যিকভাবে এ ফলের চাষ করেছেন, যাতে তাঁর খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হওয়ায় ইতোমধ্যে ফল বিক্রি শুরু করেছেন তিনি। প্রতিটি ফলের ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হচ্ছে এবং বর্তমানে বাজারভেদে প্রতি কেজি সাম্মাম ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে দেড় বিঘা জমি থেকে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার সাম্মাম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। জমিতে সারি সারি গাছে ঝুলে থাকা সবুজ ও হলুদাভ রঙের আকর্ষণীয় এই ফল দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ। অনেকে ছবি তুলছেন এবং রসালো ও মিষ্টি স্বাদের এই ফল কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন অর্ডারের মাধ্যমে কুরিয়ার যুগে দেশের বিভিন্ন প্রান্তেও পৌঁছে যাচ্ছে জসীমউদ্দীনের সাম্মাম। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সাম্মাম একটি মেলনজাতীয় ফল এবং এলাকায় এর বাণিজ্যিক চাষ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলন ও বাজারজাতকরণ সফল হলে ভবিষ্যতে নতুন এই লাভজনক ফসল চাষে অন্যান্য কৃষকদের আগ্রহ আরও বাড়বে। কৃষি সংশ্লিষ্টদের মতে, সঠিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সুযোগ থাকলে প্রচলিত ফসলের বাইরে সাম্মাম জীবননগরের কৃষকদের জন্য একটি বড় বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠতে পারে।